আম্মা ঈদ কেমন করলেন? হাসিমুখে জিজ্ঞেস করি । ওপাশ থেকে ভেসে আসে বিষন্ন কন্ঠ ' ধুরু এদেশেতো ঈদের কোন কিছুই বুঝতেছিনা----- কোন সেমাই নাই, কোন রান্না-বান্না নাই ---- কেউ আসার নাই । আমি হা হা করে হেসে উঠি, বুকের চাপা কান্না থামাই । মনে মনে বলি- আমার ও যে ঈদ নেই মা। সকালে কার ডাকে ঘুম ভাংবেনা,তাড়া থাকবেনা আব্বা,ভাইদের কে জায়নামাজ গুছিয়ে দেবার কিংবা তাদের কে আতর লাগিয়ে দেবার অথবা তাড়াহুড়ো করে সেমাইয়ের বাটিটা এগিয়ে দেবার ।তুমি কোন কাজের কথা বললে মুখ গোমড়া করে উত্তর দেওয়া হবেনা-আমি পারবনা তোমার ছোট মেয়েকে বল । যান্ত্রিক এই শহরে এসে এতটা যান্ত্রিক জীবন উপহার পাব কখনো ভাবিনি ! ছুটি মেলেনি, মা । মাত্র ৩দিনের ছুটি - কেমন করে বাড়ি যাব ? তোমার ছেলেরা যারযার মত করে চলে গেছে তাদের আপন ঠিকানায় ।আর তোমার ঠিকানাহীন মেয়ে রয়ে গেছে এখানে একলা ! জীবনের প্রথম ঈদ বাবা-মা,ভাই-বোন ছাড়া ।বুকের ভেতরটা মুচড়ে উঠছে,বোবা কান্নারা গলার কাছে আটকে আছে । কিছুই ভাল লাগছেনা ------- কিচ্ছুনা